সাইকেলে চেপে হাজার তরুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয় দিবসে চলন্ত সাইকেলের দীর্ঘতম একক সারির বিশ্ব রেকর্ড গড়তে শামিল হয়েছিলেন এই তরুণেরা। ছবি: আশরাফুল আলম
বিজয় দিবসে চলন্ত সাইকেলের দীর্ঘতম একক সারির বিশ্ব রেকর্ড গড়তে শামিল হয়েছিলেন এই তরুণেরা। ছবি: আশরাফুল আলম
বিজয়ের দিনে দেশের নামটা আরও উজ্জ্বল করতেই সেদিনের আয়োজন। তরুণদের সে উদ্যোগে শামিল হয়েছিলেন স্কুলপড়ুয়া থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও। সবার একটাই লক্ষ্য—চলন্ত সাইকেলের দীর্ঘতম একক সারির বিশ্ব রেকর্ড নিজেদের করে নেওয়া। ১৬ ডিসেম্বর সকাল গড়াতেই ‘৩০০ ফুট’ নামে পরিচিত রাজধানীর পূর্বাচল এক্সপ্রেস মহাসড়কে সমবেত হয়েছিলেন কয়েক শ সাইক্লিস্ট। তবে সবাই অংশ নেওয়ার সুযোগ পাননি। কারণ, আয়োজক বিডিসাইক্লিস্টস নিবন্ধিতদের মধ্য থেকে কয়েক ধাপে নির্বাচন করেছিল ১ হাজার ২০০ জনকে। যদিও পর্যবেক্ষকেরা জানিয়েছেন, ১৪ জন বাদ পড়ায় প্রাথমিকভাবে ১ হাজার ১৮৬ জন মিলে রেকর্ডটি হয়েছে। তবে অপেক্ষা এখনো ফুরায়নি। কারণ, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের আনুষ্ঠানিক স্বীকৃতি মিলতে সময় লাগবে আরও কিছুদিন। এ আয়োজনে রেকর্ডের চেয়েও বড় হয়ে বাজে যেন লাল-সবুজের সুর, ওড়ে তারুণ্যের বিজয় পতাকা। সাইক্লিস্টদের বড় এই আয়োজন শেষ হয়েছে নানা ঘটনায়। কেউ হয়তো অপ্রত্যাশিতভাবে বাদ পড়েছেন, অপেক্ষমাণ তালিকার অনেকে যুক্ত হয়েছেন শেষ মুহূর্তে। কেউ অংশ নিতে এসেছেন দীর্ঘ পথ মাড়িয়ে, কেউ আবার শুধুই দর্শক হয়ে শামিল হয়েছেন সেখানে। সাইক্লিস্টদের বড় আয়োজনের কিছু টুকরো গল্প নিয়ে এই প্রতিবেদন।
অনেক উৎসুক সাইক্লিস্টও হাজির হয়েছিলেন সেখানে
অনেক উৎসুক সাইক্লিস্টও হাজির হয়েছিলেন সেখানে
নৃত্যশিল্পী মুনমুন আহমেদ
নৃত্যশিল্পী মুনমুন আহমেদ

সাইকেলে নাচের শিল্পী
নৃত্যশিল্পী মুনমুন আহমেদ কখনো ভর্তি পরীক্ষায় অপেক্ষমাণ তালিকায় ছিলেন কি না জানা হয়নি। তবে চলন্ত সাইকেলের দীর্ঘতম একক সারির বিশ্ব রেকর্ড গড়তে গিয়ে তাঁর ঠাঁই হয়েছিল অপেক্ষমাণ তালিকায়। মুনমুন আহমেদ বলেন, ‘আমি আগে থেকে নিবন্ধন করিনি। তাই আয়োজকেরা জানালেন, নিবন্ধিত কেউ না এলে বা বাদ পড়লে তবেই সুযোগ পাব।’
দুপুরের বেরসিক রোদে প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করার পর টিকিট পান নৃত্যশিল্পী মুনমুন আহমেদ। ‘আমি ছোটবেলা থেকেই সাইকেল চালাই। প্রতিদিন বাসা থেকে কাছেপিঠে যেতে সাইকেলেই বেরিয়ে পড়ি। এ ছাড়া আয়োজকদের অন্য অনেক আয়োজনে নিয়মিত অংশ নিয়েছি, সেটা তাঁরা জানেন। এ জন্য আমার ওপর তাঁদের ভরসা ছিল।’ বলছিলেন মুনমুন আহমেদ।
এমন রেকর্ড গড়ার আয়োজনে অংশ নিয়ে দারুণ আনন্দিত তিনি। মুনমুন আহমেদ সে কথা জানিয়েছেন ফেসবুকেও, ‘নতুন ইতিহাস সৃষ্টি করেছি, বিশ্বের কাছে বাংলাদেশের নাম উঁচু করতে পেরে আমি গর্বিত।’
পরিবার নিয়ে হাজির
পেশায় তিনি একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা। চট্টগ্রামেই থাকেন। সেখানে তিনি সাইকেলচালকদের একটি সংগঠনের সঙ্গেও যুক্ত। সেদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমন বেশ কয়েকজন সাইক্লিস্ট যোগ দিয়েছিলেন। তবে চট্টগ্রামের মজিবুর রহমান তাঁদের থেকে একটু আলাদা ছিলেন। কারণ, তিনি একা আসেননি। বিশ্ব রেকর্ডের অংশ করতে সঙ্গে এনেছিলেন পরিবারের অন্য সদস্যদের। মজিবুর রহমান বলেন, ‘বিশ্ব রেকর্ডের মতো এত বড় একটা আয়োজনে সবাইকে অংশ করতেই বউ-বাচ্চাসহ চলে আসছি।’
তাতে কী!
ঢাকার দোহার থেকে এসেছিলেন ফারুক আহমেদ। সকালে অংশ নিয়েছেন বিডিসাইক্লিস্টের নিয়মিত আয়োজন বিজয় র্যা লিতে। সেখানেই প্রথম জেনেছেন গিনেস বুকে নাম লেখানোর এ উদ্যোগ সম্পর্কে। এমন সুযোগ কি আর ছাড়া যায়? সোজা ছুটে গিয়েছেন বসুন্ধরা আবাসিক এলাকায়। কিন্তু সেখানে গিয়ে হতাশ হয়েছেন ফারুক আহমেদ। কারণ, আয়োজকেরা তাঁকে জানান, এখানে যাঁরা অংশ নিচ্ছেন, তাঁরা আগেই নিবন্ধন করেছেন। শুধু নিবন্ধনই নয়, কয়েক ধাপ পরীক্ষা দিয়েই তবে সুযোগ পেয়েছেন। আয়োজকদের কথা শুনে আশ্বস্ত হয়েছেন ঠিকই, কিন্তু মনে ছিল দুঃখবোধ। ফারুক আহমেদ বলেন, ‘ফেসবুকে আমি নিয়মিত নই। কোনো সাইক্লিস্ট সংগঠনের সঙ্গেও যুক্ত নই। তাই নিবন্ধনের বিষয়টা সম্পর্কে আগে জানা ছিল না।’ সেদিন অংশ নিতে না পারার দুঃখ থাকলেও রেকর্ড কৃতিত্ব নিয়ে দারুণ আশাবাদী, ‘অংশ নেওয়ার সুযোগ পাইনি, তাতে কী! আশা করি রেকর্ডটা আমাদের হোক।’

ক্রিটিকালিংকের প্রাথমিক চিকিৎ​সাসেবা
ক্রিটিকালিংকের প্রাথমিক চিকিৎ​সাসেবা

পাশে আছি দুর্ঘটনায়
বড় আয়োজন, দুর্ঘটনার আশঙ্কাও অমূলক নয়। তাই ব্যবস্থা ছিল প্রাথমিক চিকিৎসাসেবার। দুর্ঘটনায় আহত সাইক্লিস্টদের জরুরি প্রাথমিক চিকিৎসার কাজটি করেছেন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ক্রিটিকালিংকের সদস্যরা। প্রতিষ্ঠানটির কর্মসূচি সমন্বয়ক রাহাত হোসেন বলেন, ‘অ্যাম্বুলেন্সসহ আমাদের বিশ জনের একটি দল সেখানে ছিল।’

সৈয়দ শাহরিয়ার ও রাহনুমা মমতাজ। ছবি: সংগৃহীত
সৈয়দ শাহরিয়ার ও রাহনুমা মমতাজ। ছবি: সংগৃহীত

সাইক্লিস্ট দম্পতি
সাইকেল চালাতে গিয়ে তাঁদের বন্ধুত্ব। একসময় সেই বন্ধুত্বের সীমানা ছাড়িয়ে গাঁটছড়াও বেঁধেছেন দুজনে। এই দম্পতির নাম রাহনুমা মমতাজ ও সৈয়দ শাহরিয়ার। দুজনই বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরে। অন্য অনেকের মতো সেদিন তাঁরাও অংশ নিয়েছিলেন বিশ্ব রেকর্ডের অংশীদার হতে। রাহনুমা মমতাজ বলেন, ‘বিডিসাইক্লিস্টের সঙ্গে আমি ২০১২ সাল থেকে জড়িত। তাই চেষ্টা করি সংগঠনের যেকোনো আয়োজনে থাকতে।’ নারী এই সাইক্লিস্ট জানালেন, তিনি একসময় বিডিসাইক্লিস্ট গ্রুপের অ্যাকক্টিভিস্ট ছিলেন। পেশাগত কারণে এখন আর তেমন সময় দিতে পারেন না। তবে বিশ্ব রেকর্ড গড়ার সারিতে শামিল হবেন না, তা কি হয়!

সাইকেল সারির ১ ও ১২০০ নম্বর অংশগ্রহণকারী
সাইকেল সারির ১ ও ১২০০ নম্বর অংশগ্রহণকারী

নম্বর ওয়ান
নয় মাস আগে থেকেই শুরু হয়েছিল জাহিদুল হকের ক্ষণ গণনা। সে অপেক্ষার শেষ হলো ১৬ ডিসেম্বর। কারণ, নয় মাস আগেই শুরু হয়েছিল বিশ্ব রেকর্ড গড়ার তোড়জোড়। অন্য বিষয়গুলো গোছগাছ চললেও দীর্ঘতম সারির ‘নেতা’ হিসেবে ঠিক হয়েছিল জাহিদুল হকের নাম। তিনি একজন শৌখিন সাইক্লিস্ট। বিডিসাইক্লিস্টের সঙ্গে যুক্ত হয়েছেন ২০১১ সালে। এই সংগঠন থেকে প্রতি শুক্রবার ‘বাইক ফ্রাইডে’ নামে সাইক্লিং আয়োজন করা হয়। সেটার নেতৃত্ব দেন তিনি। এই অভিজ্ঞতার জন্যই চলে আসে তাঁর নাম। জাহিদুল হক বলেন, ‘কাজটি খুবই কঠিন ছিল। পাঁচ-ছয় বছর ধরে সাইক্লিং করি। কিন্তু কখনো ভয় কাজ করেনি। সেদিন মাঝেমধ্যেই একধরনের শঙ্কা কাজ করছিল।’ তবে সব ভয়-শঙ্কা উড়িয়ে দিয়ে ১ হাজার ১৮৫ জন সাইক্লিস্টকে নিয়ে ইতিহাসের অংশ হয়েছেন তিনি।